উত্তরদিনাজপুর

তীর্থ করে ফেরার পথে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে দুর্ঘটনা, ঘটনায় আহত ৫০ জন যাত্রী

পুরী, মায়াপুর, নবদ্বীপ সহ একাধিক তীর্থক্ষেত্র ভ্রমণ করে ফেরার পথে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রী বোঝাই বাস। ঘটনায় আহত ৫০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কালামাটি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।
        জানা গেছে, কোচবিহারের দিনহাটার মহিলা ও পুরুষ মিলিয়ে ৬০জন তীর্থযাত্রী ট্যুরিস্ট বাসে পুরী, নবদ্বীপ মায়াপুর সহ একাধিক স্থানে তীর্থ করতে বেরিয়েছিলেন। ভ্রমণ শেষে শুক্রবার সন্ধ্যায় মায়াপুর থেকে দিনহাটার উদ্দেশ্যে বাসটি রওনা দেয়। এদিন সকালে ইটাহারের কালামাটি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় ও রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হন কমবেশি প্রায় ৫০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে প্রথমে ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।